হাসির মঞ্চেই প্রচার, কল্যাণীতে লাফিং ক্লাবে তৃণমূল প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল

Apr 6, 2026 - 13:44
 12
হাসির মঞ্চেই প্রচার, কল্যাণীতে লাফিং ক্লাবে তৃণমূল প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল

বিধানসভা ভোটের আগে প্রচারে ভিন্ন মাত্রা যোগ করলেন কল্যাণী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. অতীন্দ্রনাথ মণ্ডল। রাজনৈতিক সভা-সমাবেশের বাইরে গিয়ে এদিন তিনি হাজির হন কল্যাণী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নবারুণ লাফিং ক্লাবে।

সেখানে ক্লাবের সদস্য ও স্থানীয় জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সকালের মনোরম পরিবেশে লাফিং ক্লাবের সদস্যদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং ভোটের আগে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার বার্তা দেন।

ক্লাবের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে আপ্লুত হয়ে অতীন্দ্রনাথ মণ্ডল বলেন, "আপনাদের হাসিমুখ দেখে আমার নিজেরও মন ভরে গেল।"

এদিন তিনি লাফিং ক্লাবের উদ্যোগের প্রশংসা করে বলেন,

"এই ব্যস্ত জীবনে আমরা সবাই কাজের চাপ ও মানসিক উদ্বেগের মধ্যে থাকি। সেখানে আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। 'হাসিই শ্রেষ্ঠ ওষুধ'-এই কথাটিকে আপনারা প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন।"

প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও হাসিমুখে কথা বলেন তিনি। প্রচারে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছেন তৃণমূল প্রার্থী-এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।