হলদিয়ায় তৃণমূলের ভরসা তাপসী মন্ডল, হ্যাট্রিকের লক্ষ্যে ঝাঁপালেন প্রচারে
সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের উপরেই আস্থা রেখেছে শাসকদল। সিপিআই(এম) ও বিজেপি—দুই দলের টিকিটেই জয়ের অভিজ্ঞতা থাকা তাপসী মন্ডল এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে থাকায়, তাঁকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক গুরুত্ব।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই বৃহস্পতিবার হলদিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন থেকে শুরু করে কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগে নেমে পড়েন তাপসী মন্ডল। এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলা, সংগঠনকে চাঙ্গা করা—সব দিকেই সক্রিয় দেখা যাচ্ছে তাঁকে।
উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সিপিআই(এম)-এর টিকিটে বিধায়ক ছিলেন তিনি। পরবর্তীতে ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হন। এরপর ২০২৫ সালের শেষ লগ্নে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবার তাঁকেই প্রার্থী করে হলদিয়া বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল।
তাপসী মন্ডলের লক্ষ্য এবার হ্যাট্রিক জয়। তিনি জিততে পারলে পরপর তিনবার বিধায়ক হওয়ার নজির গড়বেন। পাশাপাশি হলদিয়া বিধানসভা আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার বার্তাও দিচ্ছেন তিনি। নির্বাচনের আগে থেকেই এলাকায় জোরদার প্রচার ও জনসংযোগের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করার লক্ষ্যে এগোচ্ছেন তাপসী মন্ডল।