হনুমান জয়ন্তীতে লেকটাউন মন্দিরে পুজো, মনোনয়নের আগে আশীর্বাদ নিলেন সুজিত বোস

Apr 4, 2026 - 10:46
 10
হনুমান জয়ন্তীতে লেকটাউন মন্দিরে পুজো, মনোনয়নের আগে আশীর্বাদ নিলেন সুজিত বোস

বিধাননগর: হনুমান জয়ন্তী উপলক্ষে লেকটাউন হনুমান মন্দিরে পুজো দিলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বোস।

বৃহস্পতিবার সকালে মন্দিরে উপস্থিত হয়ে তিনি বিশেষ পূজার্চনায় অংশ নেন এবং ভগবান হনুমানের কাছে প্রার্থনা করেন। পুজো শেষে মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁকে।

এদিন সুজিত বোস জানান, আগামী ৬ তারিখ মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি হনুমানজির আশীর্বাদ নিতে এসেছেন। নির্বাচনের আগে এই শুভদিনে পুজো দিয়ে তিনি বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে মানুষের সেবা করতে চান।

এই উপলক্ষে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গোটা এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।