সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, কুলতলীতে চাঞ্চল্য
রফিকুল ঢালী, কুলতলী :
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কুলতলীতে। মৃতের নাম জয়দেব হালদার। তিনি জয়নগর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কুলতলীর কেল্লা অম্বিকানগর কমিউনিটি টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য জয়দেব হালদারের কাছে ফোন আসে। সেই অনুযায়ী তিনি নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে বাজার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে কাজ শুরু করেন। অভিযোগ, কাজ শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ একটি শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে এসে জয়দেব হালদারকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। পরে সেপটিক ট্যাংকের দেওয়াল ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।তড়িঘড়ি তাঁকে জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।