সাঁওতাল সম্মেলনের মঞ্চে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ রাষ্ট্রপতির

Mar 8, 2026 - 18:11
 6
সাঁওতাল সম্মেলনের মঞ্চে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ রাষ্ট্রপতির

শিলিগুড়ি:

উত্তরবঙ্গে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে শনিবার একদিনের সফরে শিলিগুড়িতে আসেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি প্রথমে গোসাইপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন এবং পরে বিধাননগরে মূল সম্মেলনে উপস্থিত হন। তবে অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি জানান, বিধাননগরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও নিরাপত্তার কারণ দেখিয়ে প্রশাসন প্রথমে সেখানে অনুষ্ঠান করার অনুমতি দিতে চায়নি। এর ফলে আয়োজকদের একাধিকবার অনুষ্ঠানস্থল পরিবর্তন করতে হয়েছে। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এতে আয়োজকদের নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।

বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোন’ বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোনের মতো, আমিও বাংলার মেয়ে। তবুও কেন এই ধরনের বাধা দেওয়া হলো, তা দুঃখজনক।”

এছাড়াও প্রোটোকল সংক্রান্ত বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার কোনও সিনিয়র মন্ত্রীর উপস্থিত থাকার কথা। কিন্তু এদিন বাগডোগরা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিষয়টিকে তিনি প্রোটোকলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই মন্তব্য করেন।

অন্যদিকে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত নিয়ম মেনেই রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়েছে। তিনি নিজেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানান।