সন্ন্যাসিনীর বেশে বাড়িতে ঢুকে ৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুঠ, নদিয়ায় চাঞ্চল্য

Apr 14, 2026 - 15:52
 4
সন্ন্যাসিনীর বেশে বাড়িতে ঢুকে ৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুঠ, নদিয়ায় চাঞ্চল্য

নদিয়া :

সন্ন্যাসিনীর বেশ ধরে বাড়িতে আশ্রয় নিয়ে পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার চাপড়া থানার চারাতলা এলাকায়।

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা কার্তিক প্রামাণিকের স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গিয়ে এক সন্ন্যাসিনীর সঙ্গে পরিচিত হন। পরিবারের মঙ্গল হবে-এই আশ্বাস দিয়ে ওই সন্ন্যাসিনী তাঁদের বাড়িতে আসেন এবং গত তিনদিন ধরে সেখানেই অবস্থান করছিলেন।

শনিবার রাতে সন্ন্যাসিনী নিজেই রান্না করেন। সেই খাবার খাওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। রবিবার সকাল পর্যন্ত দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন, পরিবারের পাঁচ সদস্যই অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং বাড়ির জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

প্রাথমিকভাবে অনুমান, বাড়িতে রাখা সোনাদানা ও নগদ অর্থ লুঠ করে ওই সন্ন্যাসিনী পালিয়ে গেছে। ঘটনার পর থেকেই সে পলাতক।

খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অচেতন অবস্থায় থাকা পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে শক্তিধর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

কি পরিমাণ টাকা বা মূল্যবান সামগ্রী খোয়া গেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত সন্ন্যাসিনীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।