শীত বিদায়, বসন্তের শুরুতেই ঝড়বৃষ্টি: ভোর থেকে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জারি হলুদ সতর্কতা
শীত পেরিয়ে বসন্তের শুরুতেই মিলল বৃষ্টির দেখা। পূর্বাভাস মতোই মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
মহানগরের বিভিন্ন এলাকায় প্রথমে মাঝারি বৃষ্টি হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা হালকা হয়ে থেমে যায়। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।
ঝড়বৃষ্টির জেরে বেশ কিছু জেলায় আমের মুকুল ঝরে পড়েছে। উত্তর ২৪ পরগনা-র সন্দেশখালি-১ ব্লকের বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার কলাগাছি নদীর বাঁধের প্রায় ৫০ ফুট অংশে ধস নেমেছে বলে স্থানীয় সূত্রে খবর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে এই ঝড়বৃষ্টি। চলতি সপ্তাহ জুড়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোম ও মঙ্গলবারের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। জারি হয়েছে হলুদ সতর্কতা।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙ-এর বেশ কিছু এলাকায় হতে পারে বৃষ্টিপাত।
আবহাওয়ার এই পরিবর্তনে তাপমাত্রায় সাময়িক পতন হলেও, সপ্তাহের শেষের দিকে ফের বাড়তে পারে গরমের পারদ—এমনই ইঙ্গিত আবহাওয়া দফতরের।