রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার, পরিস্থিতি সামাল দিতে নামানো হলো কেন্দ্রীয় বাহিনী

Apr 14, 2026 - 15:54
 10
রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার, পরিস্থিতি সামাল দিতে নামানো হলো কেন্দ্রীয় বাহিনী

দুর্গাপুর:

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্ডাল থানার নাজিরাবাদ এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী।

মৃতার নাম ইয়াসমিন বানু। তিনি অন্ডালের দক্ষিণ বাজার এলাকার অরবিন্দ নগরের মোলতলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, চলতি মাসের ১০ তারিখ পেটে ব্যথা নিয়ে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর পিত্তথলিতে পাথর রয়েছে এবং অস্ত্রোপচার প্রয়োজন।

অভিযোগ, শনিবার অস্ত্রোপচার করা হয় এবং তার আগে পর্যন্ত রোগী স্বাভাবিক অবস্থায় ছিলেন। এরপর রাতে জানানো হয় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রবিবার সকালে হঠাৎই মৃত্যুর খবর দেওয়া হয়।

মৃতার আত্মীয় তানভীর জানান,

"অস্ত্রোপচারের আগে তিনি একেবারেই স্বাভাবিক ছিলেন। হঠাৎ করে রাতে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং সকালে মৃত্যুর খবর জানানো হয়। এটা সম্পূর্ণ চিকিৎসায় গাফিলতির ফল। আমরা সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছি।"

এই ঘটনার পরই ক্ষুব্ধ আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা নার্সিংহোমে ভাঙচুর চালায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে অতিরিক্ত বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।