মৌশুনী দ্বীপে সমুদ্রবাঁধে ১৫০ ফুটের ধস! কোটালের জলোচ্ছ্বাসে গ্রাম ডোবার আতঙ্ক

Jun 15, 2026 - 08:17
 21
মৌশুনী দ্বীপে সমুদ্রবাঁধে ১৫০ ফুটের ধস! কোটালের জলোচ্ছ্বাসে গ্রাম ডোবার আতঙ্ক

অমিত মণ্ডল, মৌশুনী:

অমাবস্যার ভরা কোটালের শুরুতেই সুন্দরবনের মৌশুনী দ্বীপে নদী বাঁধে ধস দেখা দিল। রবিবার সকালে মৌশুনী দ্বীপের বালিয়ারার সল্ট ঘেরী গ্রামে বঙ্গোপসাগর সংলগ্ন প্রায় ১৫০ ফুট দীর্ঘ সমুদ্রবাঁধ হুড়মুড়িয়ে ধসে পড়ে।

কোটালের তীব্র জলের তোড়ে বাঁধের

এই বিশাল অংশ নদী ও সমুদ্রগর্ভে

বিলীন হয়ে যাওয়ায় তীব্র আতঙ্ক গ্রাস

করেছে মৌশুনী দ্বীপের বাসিন্দাদের। দ্রুত এই বাঁধ মেরামত করা না হলে, আগামী কয়েকদিনের কোটালের নোনা জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বালিয়ারার ওই অংশে বেশ কিছুদিন ধরেই অস্থায়ীভাবে মাটির বাঁধ নির্মাণ ও মেরামতির কাজ চলছিল। কিন্তু রবিবার সকালে অমাবস্যার কোটালের তীব্র জলের চাপ ও জলোচ্ছ্বাস সামলাতে না পেরে সেই নির্মীয়মাণ বাঁধের এক বিরাট অংশ ধসে যায়।

সকালে চোখের সামনে সমুদ্রবাঁধ ভেঙে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সল্ট ঘেরী গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দা সায়েদা মণ্ডল ও বাবলু হালদাররা বলেন, "রবিবার সকালে আচমকাই প্রায় ১৫০ ফুট সমুদ্রবাঁধ ধসে নদীগর্ভে চলে গেল। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। সামনে বর্ষাকাল আর ভরা কোটাল রয়েছে। দ্রুত স্থায়ী কংক্রিটের সমুদ্রবাঁধ নির্মাণ না হলে আমাদের গোটা গ্রামটাই সমুদ্রের নোনা জলে তলিয়ে শেষ হয়ে যাবে।"

এই বিপর্যয়ের খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষয়টি সাগর বিধানসভার নতুন বিধায়কের নজরে আনার পাশাপাশি প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগের ব্যবস্থা করেছেন বিজেপি নেতা নারায়ণ পড়্যা। তবে এই ঘটনার জন্য বিগত তৃণমূল সরকারের দুর্নীতিকেই কাঠগড়ায় তুলে তিনি বলেষ"আজ মৌশুনী দ্বীপের যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য

পূর্বতন সরকারের সময়ে নদী ও সমুদ্রবাঁধ নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতিই দায়ী। সেচ দপ্তরের কাজের নামে, বাঁধ মেরামতের নামে বিগত দিনে কোটি কোটি টাকা লুট করে নিজেদের পকেট ভরেছে তৃণমূলের নেতারা। তার মাশুল আজ সুন্দরবনের সাধারণ মানুষকে নিজের ঘরবাড়ি হারিয়ে ভোগ করতে হচ্ছে।"

সামনে বর্ষা, তার ওপর এই মরণ-ফাঁদ

সমুদ্রবাঁধ নিয়ে এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বালিয়ারার কয়েকশো পরিবার