বকখালি সৈকতে আন্তর্জাতিক যোগ দিবসের মহড়া, ২১শে জুন রেড রোডে মোদি।

Jun 15, 2026 - 09:00
 18
বকখালি সৈকতে আন্তর্জাতিক যোগ দিবসের মহড়া, ২১শে জুন রেড রোডে মোদি।

সানওয়ার হোসেন ও অমিত মন্ডল, বকখালি: বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বকখালির মনোরম সমুদ্রসৈকতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ প্রস্তুতি ও অনুশীলন পর্ব। রাজ্যজুড়ে যোগ দিবসের মূল অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু করে দিয়ে রবিবার দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জ উপকূলের এই সৈকতে এক বর্ণাঢ্য পরিবেশ তৈরি হয়।

আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga)। সেই উপলক্ষ্যেই দেশজুড়ে মাসব্যাপী চলা প্রস্তুতি পর্বের অংশ হিসেবে এদিন দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী বকখালি সি-বিচে অনুষ্ঠিত হলো যোগাভ্যাসের এক বিশেষ অনুশীলন পর্ব। বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জনকে সাক্ষী রেখে ভোরের আলোয় শুরু হয় এই যোগা প্রদর্শনী।

এদিনের এই সুশৃঙ্খল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল। এ ছাড়াও উপস্থিত ছিলেন নামখানার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক (Joint BDO), ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার আধিকারিক, পঞ্চায়েত প্রধান এবং বনদপ্তর, বিপর্যয় মোকাবিলা (Disaster Management) ও সিভিল ডিফেন্সের শীর্ষ কর্তারা।

ফ্রেজারগঞ্জের সমুদ্রসৈকতে আয়োজিত এই যোগা শিবিরে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই যোগাভ্যাসের নিয়মাবলী ও আচার-অনুষ্ঠান। সমুদ্র তীরে এমন অভিনব ও সুশৃঙ্খল যোগা পর্ব দেখতে বকখালিতে আসা পর্যটকদের ভিড় জমে যায়, যা এক চমৎকার দৃশ্যের অবতারণা করে।

সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল জানান, আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এই সোমবার থেকেই ব্লকের বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি-বেসরকারি অফিসগুলোতে বিশেষ যোগ শিবিরের প্রস্তুতি ও অনুশীলন শুরু হয়ে যাবে। আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, বরং বর্ষার মরসুমের কথা মাথায় রেখে উদ্যোক্তারা কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে খোদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস।

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশজুড়ে এখন এই বিশেষ দিনটি উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। নামখানা ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে বকখালির এদিনের এই সফল আয়োজন যেন সেই প্রস্তুতির পালে আরও হাওয়া দিল।