মৃতের পরিবারের পাশে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, বিজেপির বিরুদ্ধে তোপ
শ্রীরামপুরের বারুজীবী কলোনীতে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এদিন তন্ময় ঘোষ অভিযোগ করেন, মৃতার ছেলের কাছ থেকে জানা গিয়েছে যে ২০০২ সালে তাঁদের নাম বেলুড়ে ছিল এবং পরবর্তীতে রিষড়ায় বসবাস শুরু করেন। তবে সেই সময় সমস্ত নথি স্থানান্তর না হওয়ার কারণেই নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। এর জেরে দীর্ঘদিন ধরে আতঙ্ক ও ভয়ের মধ্যে ছিলেন ওই পরিবার।
তিনি বলেন, "ভারতের স্বাধীনতার পর এমন ভয়ের পরিবেশ দেখা যায়নি। ইংরেজ আমলেও এত ভয় দেখানো হয়নি। বিজেপি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে-এর জবাব মানুষ দেবে।"
তন্ময় ঘোষ আরও বলেন, "আমরা রাজনীতি করতে আসিনি, মানুষের পাশে থাকতে এসেছি। এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা তাঁকে বোঝাতে পারিনি। এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে আমরা রাস্তায় নামব এবং শেষ দেখে ছাড়ব।"
তিনি জানান, আগামী ৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে আসছেন। সেই সময় বিষয়টি তাঁর নজরে আনা হবে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।
এছাড়াও তিনি অভিযোগ করেন, ভারতীয় নির্বাচন কমিশন-এর মতো একটি সাংবিধানিক সংস্থাকে বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করেন তিনি।
শেষে তিনি বাংলার মানুষের কাছে আবেদন জানান, "আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করুন।"