মুর্শিদাবাদের লালবাগে শাওনী সিংহ রায়কে নিয়ে পোস্টার বিতর্ক, তৃণমূলের অন্দরে মতভেদের জল্পনা
মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় ভোটের আগেই তৃণমূল কংগ্রেসকে ঘিরে পোস্টার বিতর্ক সামনে এল। শনিবার সকালে মুর্শিদাবাদ পৌরসভার সামনে শহীদ বেদী এবং লালবাগ সিংঘী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ব্রাহ্ম সমাজ ভবনের দেওয়ালে একাধিক পোস্টার চোখে পড়ে। ওই পোস্টারগুলিতে ‘তৃণমূল কংগ্রেস রক্ষা কমিটি’র নাম উল্লেখ করে লেখা হয়েছে, তারা শাওনী সিংহ রায়কে প্রার্থী হিসেবে মানতে নারাজ।
এই পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের মতে, ভোটের আগে এমন পোস্টার সামনে আসায় তৃণমূল কংগ্রেসের অন্দরে মতভেদের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে।
জানা গেছে, যাঁর বিরুদ্ধে এই পোস্টার পড়েছে, তিনি একসময় মুর্শিদাবাদ–বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন। পাশাপাশি তিনি প্রাক্তন বিধায়িকা এবং গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। সেই প্রেক্ষিতেই দলের একাংশের তরফে এভাবে প্রকাশ্যে আপত্তি তোলায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে কারা এই পোস্টার লাগিয়েছে বা এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক জল্পনা আরও বাড়ছে।
এদিকে মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস সরকার এবং প্রাক্তন পৌরপ্রধান সৌমেন দাস বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, কিছু মুখোশধারী ব্যক্তি এই কাজ করেছে। সৌমেন দাসের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেয়।
শুভাশিস সরকার জানান, তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ললিতা নন্দী দাসের নেতৃত্বে বিষয়টি নিয়ে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
অন্যদিকে, যার বিরুদ্ধে পোস্টার পড়েছে তিনি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এটিকে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেছেন।
এ বিষয়ে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার পক্ষ থেকেও মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ জানানো হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, দলের কিছু অসাধু ব্যক্তি এই ধরনের দলবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।