মালদার মানিকচকে গুলি চলার ঘটনা, গুলিবিদ্ধ ১০ বছরের বালকসহ তিনজন, গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির

Mar 6, 2026 - 09:51
 16
মালদার মানিকচকে গুলি চলার ঘটনা, গুলিবিদ্ধ ১০ বছরের বালকসহ তিনজন, গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির

মালদা: গুলির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক থানার মথুরাপুর বাজারপাড়া এলাকায়। গুলিবিদ্ধ হয়েছে ১০ বছরের এক বালক-সহ তিনজন। অন্যদিকে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। সেই সময় প্রাক্তন সিপিআইএম নেতা ও রেশন ডিলার সমীর দাসগুপ্তের ছেলে সৌম্য দাসগুপ্ত (নাবালক) প্রতিবেশীদের আটকাতে গুলি চালায় বলে অভিযোগ।

গুলির ঘটনার পর উত্তেজিত জনতা প্রাক্তন সিপিআইএম নেতা সমীর দাসগুপ্তকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গুলিবিদ্ধ তিনজনকে প্রথমে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।