মালদায় পারিবারিক বিবাদের জেরে ভাইকে পিটিয়ে খুন, অভিযুক্ত দাদা পলাতক
মালদা জেলায় পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হল ভাই। বাঁশ ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাইয়ের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার নানারাহি গ্রামে, যা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত। মৃতের নাম নুরুল ইসলাম (৩৬)। তাঁর বাড়ি নানারাহি এলাকাতেই।
মৃতের পরিবারের অভিযোগ, কাপড় মেলা নিয়ে দুই জা-র মধ্যে বিবাদ বাধে। সেই বিবাদ চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বড় ভাই হেফজুর রহমান বাঁশ ও লোহার রড দিয়ে নুরুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নুরুল ইসলাম। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত হেফজুর রহমান পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানা-র পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গিয়েছে।