মধ্যপ্রদেশের নবগ্রহ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বহু

Feb 11, 2026 - 08:44
 12
মধ্যপ্রদেশের নবগ্রহ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বহু

মধ্যপ্রদেশের গোয়ালিওরে নবগ্রহ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১ জনের, আহত হয়েছেন একাধিক।প্রাথমিকভাবে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ‘কলস যাত্রা’র আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন শয়ে শয়ে মহিলা। মাত্রাছাড়া ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বেশ কয়েকজন। এরপরই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭০ বছরের এক বৃদ্ধার। আহত হয়েছেন অন্তত সাত জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। গোয়ালিয়র রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা বলেন, “অনুষ্ঠানে বহু ভক্ত উপস্থিত হয়েছিলেন। কলস বিতরণের সময় সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এরপরই পদপিষ্টের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এক বৃদ্ধার মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।” পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।