ভোটার তালিকা থেকে নাম বাদ, চরম বিপাকে আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট আতর আলী

Apr 2, 2026 - 11:25
 9
ভোটার তালিকা থেকে নাম বাদ, চরম বিপাকে আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট আতর আলী

রানাঘাট: আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম সমস্যার মুখে পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলী। ভারতের হয়ে বিদেশের মাটিতে একাধিক পদকজয়ী এই খেলোয়াড় এখন নিজের নাগরিকত্ব প্রমাণে প্রশাসনিক দপ্তরে দপ্তরে ঘুরছেন।

আতর আলীর অভিযোগ, সম্প্রতি ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গিয়ে তিনি দেখেন তার নাম 'ডিলিটেড' বা বাদ দেওয়া হয়েছে। অথচ তার কাছে নাগরিকত্বের প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে। আচমকা এমন ঘটনার জেরে তিনি হতবাক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

নিজের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে তিনি ইতিমধ্যেই রানাঘাটের এসডিও অফিস, বিডিও অফিস এবং জেলা শাসকের সঙ্গেও দেখা করেছেন। তবে এখনও পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি বলে দাবি তার।

এদিকে সামনে জার্মানিতে একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা-এশিয়ান গেমসের আসর। এই সময় যেখানে তার সম্পূর্ণ মনোযোগ অনুশীলনে থাকার কথা, সেখানে প্রশাসনিক জটিলতা সামলাতে হচ্ছে। ফলে তার প্র্যাকটিস এবং মানসিক প্রস্তুতি দুই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান আতর আলী।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তিনি। যথাযথ যাচাই ছাড়া যেন কোনও নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়, সেই দাবিও তুলেছেন।

ঘটনাটি নিয়ে ক্রীড়ামহল এবং স্থানীয় এলাকায় উদ্বেগ বাড়ছে। এখন দেখার, কত দ্রুত সমস্যার সমাধান হয় এবং তালিকায় ফের নাম ফিরে পান এই আন্তর্জাতিক ক্রীড়াবিদ।