ভাটপাড়ায় ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই দুষ্কৃতি; ভোটের আগে চাঞ্চল্য
ভাটপাড়া: ভোটের আগে ফের অস্ত্র উদ্ধারে সরগরম ভাটপাড়া। ভাটপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে দুটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম অজয় বিশ্বকর্মা ও ফিরোজ আলম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দলের জিলেপির মাঠে হানা দেয় ভাটপাড়া থানার পুলিশ। সেখান থেকেই দুজনকে হাতেনাতে ধরে ফেলা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ।
পুলিশের দাবি, ধৃতরা একটি খুনের ঘটনায় জড়িত। জগদ্দলে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ২ এপ্রিল পর্যন্ত ভাটপাড়া থানা এলাকায় মোট ৩৫টি আগ্নেয়াস্ত্র, ৫১টি কার্তুজ উদ্ধার হয়েছে এবং ২৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আগে লাগাতার এই অস্ত্র উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।