ভরা কটাল ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা; উত্তাল বকখালি সৈকতে প্রশাসনের ‘রেড অ্যালার্ট’*

Mar 22, 2026 - 09:06
 15
ভরা কটাল ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা; উত্তাল বকখালি সৈকতে প্রশাসনের ‘রেড অ্যালার্ট’*

অমিত মণ্ডল, বকখালি: অমাবস্যার ভরা কটাল আর ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রণংদেহী রূপ নিয়েছে বঙ্গোপসাগর। শুক্রবার রাত থেকেই দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হওয়ায় সমুদ্র আরও অশান্ত হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই বকখালি সমুদ্র সৈকতে কড়া সতর্কতা জারি করল প্রশাসন।

শনিবার সকাল থেকেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালিতে আসা পর্যটকদের উত্তাল সমুদ্রে স্নান করতে নিচে থাকা জারি করল। অমাবস্যার কটালের জেরে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে গিয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে ঢেউয়ের গতিবেগ ও শক্তি এতটাই বেশি যে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সৈকতে লাগাতার মাইকিং করে পর্যটকদের গভীর জলে নামতে নিষেধ করা হচ্ছে।

শুধুমাত্র মাইকিং নয়, পর্যটকদের বিপজ্জনক অংশ থেকে দূরে সরিয়ে দিতে বাইকিং করে টহলদারি চালাচ্ছে পুলিশ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কড়া নজরদারি জারি থাকবে। কোনো পর্যটকই যাতে অতি-উৎসাহী হয়ে উত্তাল সমুদ্রে না নামেন, তার জন্য বারবার আবেদন জানানো হচ্ছে।

ছুটির দিনে বকখালিতে পর্যটকদের ভিড় থাকলেও, সমুদ্রের এই রূপ দেখে বকখালীতে আসা পর্যটকরা নিরাশ হয়েছেন। স্নান করতে না পারায় কিছুটা হতাশ হলেও প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন পর্যটকরা। সুন্দরবন পুলিশ জেলা জানিয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত সংবেদনশীল, তাই মৎস্যজীবীদেরও ট্রলার নিয়ে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।