ভক্তির টানে ২০০০ কিলোমিটার পদযাত্রা, বৈষ্ণোদেবীর উদ্দেশে রওনা অন্ডালের যুবক

May 23, 2026 - 13:25
 14
ভক্তির টানে ২০০০ কিলোমিটার পদযাত্রা, বৈষ্ণোদেবীর উদ্দেশে রওনা অন্ডালের যুবক

অদম্য ইচ্ছাশক্তি ও গভীর ভক্তির টানে প্রায় ২০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে মাতা বৈষ্ণোদেবীর দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন অন্ডালের খান্দরা এলাকার নাগ কাজোড়া কোলিয়ারির ২৮ বছরের যুবক বাবন বাউরি। তাঁর এই সাহসী ও ভক্তিমূলক উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।

শুক্রবার সকাল প্রায় ৯টা নাগাদ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে পদব্রজে যাত্রা শুরু করেন বাবন বাউরি। তাঁর যাত্রার সাক্ষী থাকতে সকাল থেকেই এলাকায় জড়ো হন বহু মানুষ। কেউ তাঁকে সামান্য অর্থ সাহায্য করেন, আবার কেউ শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে দাঁড়ান।

বাবন বাউরি জানান, দীর্ঘদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল মাতা বৈষ্ণোদেবীর দর্শনে পদযাত্রা করার। সেই স্বপ্ন পূরণ করতেই এই দীর্ঘ পথচলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর আশা, আগামী ৪৫ দিনের মধ্যেই যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। তবে সবটাই নির্ভর করছে প্রকৃতির অনুকূল পরিবেশ ও ঈশ্বরের আশীর্বাদের উপর।

তাঁর এই যাত্রা ঘিরে এলাকাবাসীর মধ্যেও দেখা গেছে প্রবল আবেগ ও শুভেচ্ছার স্রোেত। অনেকে বাবনের সাহস ও মানসিক শক্তির প্রশংসা করেছেন।