বীরভূমের সিউড়িতে ধর্মঘট ঘিরে উত্তেজনা, জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও মিছিল

Mar 14, 2026 - 19:37
 4
বীরভূমের সিউড়িতে ধর্মঘট ঘিরে উত্তেজনা, জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও মিছিল

রাজ্য সরকারী শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটকে কেন্দ্র করে বীরভূমের সিউড়িতে জেলাশাসকের দপ্তর চত্বরে উত্তেজনা ছড়ায়। এই সময় শাসকদলের কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে ধর্মঘটীদের বচসা শুরু হয়।

অভিযোগ, শাসকদলের কর্মচারী সংগঠনের কয়েকজন নেতা ধর্মঘটে অংশ নেওয়া মহিলাদের উপর শারীরিক আক্রমণ করেন। এই অভিযোগকে কেন্দ্র করে জেলাশাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভে সামিল হন ধর্মঘটীরা।

ধর্মঘটে অংশ নেওয়া কর্মচারীরা জেলাশাসকের দপ্তরের মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং জেলাশাসকের দপ্তরের মূল প্রবেশদ্বার ঘিরে ফেলে। এসময় পুলিশের সঙ্গেও ধর্মঘটীদের বাগ্‌বিতণ্ডা হয়।

দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর কর্মচারী ও শিক্ষকরা সিউড়ি শহরজুড়ে একটি দীর্ঘ মিছিলও করেন। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।