বিধানসভা নির্বাচন ২০২৬-এ নিরাপত্তা কড়াকড়ি, কলকাতায় উচ্চপর্যায়ের যৌথ সমন্বয় বৈঠক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কর্তৃপক্ষ।
নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতা-র ধন ধান্য অডিটোরিয়ামে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ যৌথ সমন্বয় বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা উত্তর ও দক্ষিণের জেলাশাসকরা, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, পাশাপাশি সমগ্র কলকাতার সাধারণ, পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ফোর্স সমন্বয়কারী, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি কমান্ডার এবং কলকাতার সমস্ত রিটার্নিং অফিসাররা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার প্রতিটি বুথেই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের আগে এই জরুরি বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, যাতে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা নির্ভুলভাবে কার্যকর করা যায়।
প্রশাসনের লক্ষ্য একটাই-নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেই জন্যই এই উচ্চপর্যায়ের প্রস্তুতি ও সমন্বয় বৈঠক।