বারুইপুরে আইনজীবীদের মিছিল, বিমান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জোর প্রচার
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর:
বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পথে নামলেন বিভিন্ন আদালতের আইনজীবীরা। শুক্রবার বিকেলে আয়োজিত এই মিছিল ঘিরে শহরে রাজনৈতিক উন্মাদনা তুঙ্গে ওঠে। বিকেল ৫টা নাগাদ বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রায় ৬টা নাগাদ রবীন্দ্র ভবন পর্যন্ত পৌঁছায়।
প্রায় দু'কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় অংশ নেন হাইকোর্ট, আলিপুর জজ কোর্ট, ব্যাঙ্কশাল কোর্ট, আলিপুর ক্রিমিনাল কোর্ট, কাকদ্বীপ কোর্ট, ডায়মন্ড হারবার কোর্ট এবং বারুইপুর দেওয়ানি ও ফৌজদারি আদালতের আইনজীবীরা। বিশিষ্ট আইনজীবী বৈষয়ন চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এই মিছিলে। মিছিলে আইনজীবীদের হাতে নানা স্লোগান লেখা পোস্টার দেখা যায়, যেখানে বিরোধীদের বিরুদ্ধে কটাক্ষ করা হয় এবং তৃণমূল প্রার্থীকে চতুর্থবারের জন্য জেতানোর আহ্বান জানানো হয়। মিছিল শেষে রবীন্দ্র ভবনে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং আইনজীবীরা বক্তব্য রাখেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বিপুল সমর্থনই প্রমাণ করছে মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। আগামী দিনে ২৫০-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে।" তিনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ টেনে বলেন, নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত পদক্ষেপে আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অভিযোগ করেন, বিজেপি বাইরের রাজ্য থেকে কর্মী এনে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে তৃণমূল কর্মীরা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে এদিনই বারুইপুর
পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অশেষ লাল নাগ সকালে টোটো মিছিলের মাধ্যমে জনসংযোগ করেন এবং বিকেলে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান। তিনি দাবি করেন, এবার মানুষ তাঁকেই সমর্থন করবেন।
এছাড়াও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিভাস সরদারও দিনভর জনসংযোগে ব্যস্ত ছিলেন। বেলেগাছি গ্রাম পঞ্চায়েত থেকে রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং আশীর্বাদ নেন।
এই পরিস্থিতিতে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বারুইপুরে রাজনৈতিক প্রচার আরও তীব্র আকার নিচ্ছে।