বারাসাতে প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপিতে গোষ্ঠী কোন্দল, দেয়ালে পোস্টার ঘিরে চাঞ্চল্য
রাজ্য বিজেপি সদর দপ্তর থেকে প্রার্থী ঘোষণা হতেই বারাসাতে গোষ্ঠী কোন্দলে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। বারাসাত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে শংকর চ্যাটার্জির নাম ঘোষণার পরই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দেয়ালে দেয়ালে পোস্টার পড়তে শুরু করেছে।
অভিযোগ উঠেছে, তৃণমূলের থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি সামনে এনে প্রার্থীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে শংকর চ্যাটার্জি বিজেপির প্রার্থী ছিলেন এবং সেই নির্বাচনে পরাজিত হন। বিজেপির একাংশ কর্মীর দাবি, সেই সময় তিনি তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর ঘনিষ্ঠ মহলের মাধ্যমে আইপ্যাকের কাছ থেকে কয়েক কোটি টাকা ঘুষ নিয়ে হঠাৎ করেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান।
এই অভিযোগকে কেন্দ্র করে নির্বাচনের সময়ই বিজেপি কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে পড়ে বলে দাবি করা হচ্ছে। তার প্রভাব পড়ে ভোট বাক্সেও। ফলে বারাসাত কেন্দ্রে বিজেপির একাংশ কর্মী-সমর্থক ও ভোটাররা সক্রিয় ভূমিকা না নেওয়ায় চিরঞ্জিত চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করেন।
২০২৬ সালের নির্বাচনেও পুনরায় শংকর চ্যাটার্জিকে প্রার্থী করায় ক্ষোভ আরও বেড়েছে বলে জানা যাচ্ছে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, এই সিদ্ধান্তের ফলে জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা হাতছাড়া হতে পারে। তাঁদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। তা না হলে তারা সাধারণ মানুষের কাছে গিয়ে এবং দলীয় কর্মী-সমর্থকদের সামনে ক্ষমা চেয়ে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।