বাঁকুড়ার জয়পুরে দলছুট দাঁতালের তাণ্ডব, মৃত ১, আহত একাধিক; নাকাল বন দফতর
বাঁকুড়া: ভোর থেকে দলছুট এক দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে। জয়পুর রেঞ্জের রাউৎখণ্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে দাপিয়ে বেড়ায় হাতিটি। দাঁতালের আক্রমণে এখনো পর্যন্ত এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হাতিটিকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে কোনওভাবে রাউৎখণ্ড গ্রামে ঢুকে পড়ে দলছুট দাঁতালটি। গ্রামে ঢুকেই পাথরপাড়া এলাকায় একের পর এক বাড়িতে ভাঙচুর চালায় সে। দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই প্রাণ হারান বিজয় কোলে নামে এক বাসিন্দা। আহত হন একই গ্রামের আরও ৬ জন। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রাউৎখণ্ডে তাণ্ডব চালানোর পর দাঁতালটি জামডিগরি হয়ে কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছে যায়। হাতিটির অস্বাভাবিক ও হিংস্র আচরণে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হলেও দীর্ঘক্ষণ চেষ্টার পরও সফল হওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে পশ্চিমবঙ্গ বন দফতর। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।