বহিরাগত বনাম ভূমিপুত্র ইস্যুতে উত্তপ্ত হাঁসন, ত্রিমুখী লড়াইয়ে চড়ছে রাজনৈতিক পারদ

Apr 2, 2026 - 11:05
 8
বহিরাগত বনাম ভূমিপুত্র ইস্যুতে উত্তপ্ত হাঁসন, ত্রিমুখী লড়াইয়ে চড়ছে রাজনৈতিক পারদ

বীরভূম: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বীরভূমের হাঁসন কেন্দ্রে জোরদার হয়েছে রাজনৈতিক লড়াই। 'বহিরাগত বনাম ভূমিপুত্র' ইস্যুকে সামনে রেখে একে অপরকে আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস।

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নানুরের ভূমিপুত্র তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। তবে তাঁকে প্রার্থী করতেই বিরোধীরা 'বহিরাগত' তত্ত্বকে হাতিয়ার করে প্রচারে নামেন।

বিজেপির প্রার্থী নিখিল ব্যানার্জি প্রথম থেকেই কাজল শেখকে বহিরাগত বলে কটাক্ষ করে প্রচার চালাচ্ছেন। তাঁর অভিযোগ, হাঁসনের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ নেই তৃণমূল প্রার্থীর।

অন্যদিকে, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর একই সুরে সরব হন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। তাঁর দাবি, হাঁসনের মানুষ কোনও বহিরাগত প্রার্থীকে সমর্থন করবে না। এলাকার "ঘরের ছেলে" হিসেবেই তিনি ভোটারদের সমর্থন চাইছেন।

তবে এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী কাজল শেখ। তিনি পাল্টা বলেন, "ভূমিপুত্র-বহিরাগত তত্ত্ব তুলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। উন্নয়নের ভিত্তিতেই মানুষ ভোট দেবে।"

ফলে হাঁসন বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে এই ইস্যু যে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, শেষ পর্যন্ত ভোটাররা কার যুক্তিকে প্রাধান্য দেন।