পূর্ব মেদিনীপুরের রামনগরে দিঘা রোডে লরির ধাক্কায় মৃত্যু গৃহবধূর, গুরুতর আহত আর এক
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ফতেপুর এলাকায় লরির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুস্মিতা জানা (৩১) নামে এক গৃহবধূ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর জা পুতুল জানা।
জানা গিয়েছে, সোমবার সকালে দুই জা সাইকেলে করে চাষের কাজে যাচ্ছিলেন। সেই সময় দিঘাগামী একটি দ্রুতগতির লরি তাদের মুখোমুখি ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুস্মিতা জানার। জানা গিয়েছে, ধাক্কার পর ঘাতক লরিটি তাঁকে প্রায় ১৫ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়।
এই ঘটনায় গুরুতর জখম হন পুতুল জানা। তাঁকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
মৃত সুস্মিতা জানার স্বামী দিনমজুর এবং তাঁদের দুটি নাবালক সন্তান রয়েছে। অত্যন্ত দরিদ্র এই পরিবারটি এই মর্মান্তিক ঘটনার পর দিশেহারা হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর দিঘা-কাঁথি জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।