পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলস্টেশনে এক ব্যক্তির ব্যাগ থেকে ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানান খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিঠুন কুমার দে।
তিনি জানান, শুক্রবার বিকেলে খড়গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে অন্যমনস্ক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্টেশনে দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করা হয়। ব্যাগ খুলতেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।
জিআরপি সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির ব্যাগ থেকে মোট ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার কাছে খড়গপুর থেকে হাওড়াগামী একটি ট্রেনের টিকিটও ছিল।
ধৃত ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা। তার বাড়ি হুগলি জেলার চন্ডিপুর থানার কুমিরতলা এলাকায় বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ওড়িশার গঞ্জাম জেলার বেরহামপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করত।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই ব্যক্তি। পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ায় সন্দেহ আরও বাড়ে।
এরপর তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালত অভিযুক্তকে সাত দিনের জিআরপি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে জিআরপি তাকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে জিআরপি।