ন্যায়বিচারের দাবিতে প্রচারে জোর, পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের জনসংযোগ
পানিহাটি: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পানিহাটি কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। প্রচারের মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, "প্রথমেই আমি আমার মেয়ের বিচার চাই-ন্যায় বিচার আগে হোক।" একই সঙ্গে নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
৩১ মার্চ পানিহাটির ২৪ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে এক বিশেষ জনসংযোগ সভার আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা হয় শক্তিপুর অটো স্ট্যান্ড থেকে। সেখান থেকে তারাপুকুর পর্যন্ত র্যালি এগিয়ে যায়। দিনভর পথসভা, মিছিল ও প্রচারের মাধ্যমে এলাকায় নিজের উপস্থিতি জোরদার করেন প্রার্থী।
এই জনসংযোগের মূল লক্ষ্য ছিল স্থানীয় সমস্যাগুলি তুলে ধরা এবং সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। কর্মসূচিকে সফল করতে আগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফলে এদিন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
রাজনৈতিক মহলের মতে, বহুল চর্চিত প্রার্থী রত্না দেবনাথের এই ধারাবাহিক প্রচার কতটা প্রভাব ফেলবে ভোটের ফলাফলে, তা এখন সময়ই বলবে।