নির্বাচন কমিশনের দফতরের সামনে তুমুল উত্তেজনা, মুখোমুখি বিজেপি-তৃণমূল

Apr 1, 2026 - 09:49
 8
নির্বাচন কমিশনের দফতরের সামনে তুমুল উত্তেজনা, মুখোমুখি বিজেপি-তৃণমূল

কলকাতা: নির্বাচন কমিশনের দফতরের সামনে হঠাৎই তীব্র উত্তেজনার সৃষ্টি হল ভারতের নির্বাচন কমিশন-এর অফিস চত্বরে। ফর্ম ৬ ইস্যুকে কেন্দ্র করে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দিনভর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে। একসময় পরিস্থিতি ধস্তাধস্তিতে পৌঁছে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের উপর মারধর চালানো হয়েছে। পাল্টা তৃণমূল সমর্থকদের দাবি, বিজেপি কর্মীরাই এলাকায় ভাঙচুর চালিয়ে একাধিক বাইক ফেলে দেয়।

তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, পূর্ব মেদিনীপুর থেকে এক ব্যক্তি প্রায় ৪০০টি ফর্ম ৬ নিয়ে দফতরে প্রবেশ করেছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঘটনাস্থলেই ধর্নায় বসেন তৃণমূল কর্মীরা। এক কর্মীর বক্তব্য, "ওই ব্যক্তিকে গ্রেফতার না করা হলে আমরা এখান থেকে উঠব না।"

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে যখন উত্তর কলকাতা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা সেখানে পৌঁছে যান। পুলিশি ব্যারিকেডের দু'পাশে দাঁড়িয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় স্লোগানবাজি।

বিজেপির এক কর্মীর দাবি, "আমরা শুভেন্দু অধিকারী-র সমর্থনে এখানে এসেছিলাম। ওরা বসে গুন্ডামি করছে। আগে চোরদের গ্রেফতার করা হোক। আমাদের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে।"

বিকেলের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি-দু'পক্ষের স্লোগান ও পাল্টা বিজেপি-দু'পক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানে চত্বর উত্তাল হয়ে ওঠে। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীদের উপর বেধড়ক মারধর করা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই এলাকায় ভাঙচুর চালিয়ে একাধিক বাইক ক্ষতিগ্রস্ত করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে।