নলহাটিতে প্রার্থী বদল দাবিতে বিজেপির অশান্তি, অনিল সিংকে মানতে নারাজ কর্মীদের একাংশ
বীরভূমের নলহাটি বিধানসভায় প্রার্থী পদ নিয়ে অশান্তি অব্যাহত। বিজেপির প্রার্থী হিসেবে অনিল সিং-এর নাম ঘোষণা হতেই দলের একাংশ কর্মীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নলহাটি শহরে দলীয় কার্যালয়ে প্রার্থীকে নিয়ে বৈঠকের ঘোষণা হতেই কার্যালয়ের সামনে জমায়েত হন বিক্ষুব্ধ কর্মীরা।
প্রার্থী অনিল সিংকে ছাড়াই দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শংকর ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকের মধ্যেই চেঁচামেচির ঘটনা ঘটে বলে জানা যায়। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, অনিল সিংকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করতে হবে।
বৈঠক শেষে জেলা সভাপতি জানান, রাজ্য নেতৃত্ব যাকে প্রার্থী করবে, তাকে নিয়েই প্রচার চালাবে দল। তিনি স্পষ্ট করেন, "আমাদের দলে ব্যক্তি নয়, দলই আগে।"
তবে তাতেও ক্ষোভ কমেনি। কর্মীদের একাংশ জানিয়ে দিয়েছে, অনিল সিং প্রার্থী থাকলে তারা তাকে মেনে নেবে না। যদিও তাদের সময় দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা নেতৃত্ব।
পরবর্তীতে কর্মীদের সঙ্গে বৈঠক সেরে জেলা নেতৃত্ব প্রার্থী অনিল সিং-এর সঙ্গেও আলোচনা করে। অনিল সিং জানান, দল যেভাবে নির্দেশ দেবে, তিনি সেভাবেই কাজ করবেন।