নন্দীগ্রামে পরিদর্শনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়াল, অবাধ ভোটে জোর আশ্বাস
নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংবেদনশীল এলাকা নন্দীগ্রামে সরেজমিন পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ২০২১ সালের নির্বাচন ও পরবর্তী অশান্তির অভিজ্ঞতার প্রেক্ষিতে নন্দীগ্রাম, পটাশপুর ও ময়নার মতো এলাকাগুলিতে যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
রবিবার তিনি জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে নন্দীগ্রাম বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার এবং পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য আধিকারিকরা। প্রথমে সরস্বতী বাজারে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা শোনেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের আগে ও পরে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন তিনি।
এরপর গড়চক্রবেড়িয়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেখানে বেশ কিছু মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তোলেন। তার উত্তরে মনোজকুমার আগরওয়াল জানান, স্থানীয় RO ও ARO স্তরে কিছু সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। তবে এখনও অনলাইনে আবেদন করে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে এবং যথাযথ নথি জমা দিলে কারও নাম বাদ যাবে না বলেও আশ্বাস দেন তিনি।
পরবর্তীতে কেন্দামারি এলাকায় একটি বুথ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বুথে নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণের প্রক্রিয়া এবং ভোটারদের অবস্থান নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারকে বিস্তারিত নির্দেশ দেন। পাশাপাশি, এলাকাবাসীর কাছ থেকে অশান্তিতে জড়িতদের নামও শোনেন এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নন্দীগ্রাম পরিদর্শনের পর পটাশপুর ও ময়নার কিছু এলাকাও ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
"অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যা যা প্রয়োজন, আমরা সবই করব। যেসব এলাকায় অতীতে অশান্তির নজির রয়েছে, সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করছি-ভয়ের কোনও কারণ নেই। কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না, পুলিশ প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নেবে।"
এলাকার মানুষের তোলা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য জেলাশাসক ও পুলিশ সুপারকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।