নদিয়ার শান্তিপুরে ভোটের মুখে বহিষ্কার বিজেপির মন্ডল সভাপতি, প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
নদিয়া জেলার শান্তিপুরে ভোটের মুখে বহিষ্কার করা হলো বিজেপির এক মন্ডল সভাপতিকে। ঘটনাকে ঘিরে নির্বাচনের আগেই প্রকাশ্যে এল দলের গোষ্ঠীকোন্দল, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে। তার আগেই বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। শান্তিপুর মন্ডল–২ এর সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।
গৌরাঙ্গ বিশ্বাস বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। কয়েক মাস আগে দল তাঁকে মন্ডল সভাপতির দায়িত্ব দেয়। তবে তাঁর অভিযোগ, তিনি সভাপতি হওয়ার পর থেকেই দলের একাংশ তাঁকে কাজ করতে দিচ্ছিল না। এমনকি বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তাঁকে ডাকা হতো না বলেও দাবি তাঁর।
গৌরাঙ্গ বিশ্বাসের বক্তব্য, সম্প্রতি নির্বাচন কমিটি গঠনকে কেন্দ্র করে দলেরই একাংশের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর গত ১০ মার্চ তাঁকে একটি চিঠি দেওয়া হয়, যা তিনি হাতে পান ১১ মার্চ। সেখানে সাত দিনের মধ্যে দলের প্রশ্নের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, তার আগেই ১৩ মার্চ তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়।
নির্বাচনের আগে দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিজেপির অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে এই ঘটনাকে কটাক্ষ করে তৃণমূলের দাবি, নির্বাচন এলেই বিজেপির মধ্যে ভাগ-বাটোয়ারা ও গোষ্ঠীকোন্দল সামনে আসে। গোটা রাজ্যজুড়েই বিজেপির মধ্যে এমন দ্বন্দ্ব নতুন কিছু নয় বলেও মন্তব্য করেছে শাসকদল।