দোল–গৌড় পূর্ণিমার টানে উপচে ভিড়, মায়াপুর ইসকনে জমজমাট ‘নিত্যানন্দ মার্কেট’

Feb 21, 2026 - 14:37
 23
দোল–গৌড় পূর্ণিমার টানে উপচে ভিড়, মায়াপুর ইসকনে জমজমাট ‘নিত্যানন্দ মার্কেট’

আসন্ন দোল ও গৌড় পূর্ণিমা উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে গোটা মন্দির চত্বর। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এবারের বিশেষ আকর্ষণ ‘নিত্যানন্দ মার্কেট’।

ইসকন চত্বরে ছোট ছোট স্টল নিয়ে গড়ে উঠেছে এই অস্থায়ী বাজার, যা ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে। ভক্তদের কেনাকাটায় প্রতিদিনই জমজমাট বাজার এলাকা।

এই মার্কেটের অন্যতম প্রধান আকর্ষণ বৃন্দাবন থেকে আনা আসল তুলসীর মালা। বিভিন্ন আকার, নকশা ও দামের মালা নিয়ে একাধিক বিক্রেতা স্টল সাজিয়েছেন। কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দামের তুলসীর মালা পাওয়া যাচ্ছে। ভক্ত ও পর্যটকেরা সানন্দে সেই মালা কিনছেন। বিক্রেতাদের দাবি, বৃন্দাবনের তুলসী কাঠ দিয়ে তৈরি হওয়ায় এই মালার গুণগত মান ও আধ্যাত্মিক মাহাত্ম্য আলাদা।

বৃন্দাবন থেকে আসা বিক্রেতা পূর্ণেন্দু নস্কর জানান, প্রতি বছরই এই সময় তাঁরা মায়াপুরে আসেন। আন্তর্জাতিক মানের এই উৎসবকে কেন্দ্র করে বিক্রিও ভালো হয়। প্রায় এক মাস স্টল বসিয়ে পুনরায় বৃন্দাবনে ফিরে যান তাঁরা।

দোল ও গৌড় পূর্ণিমার আবহে তাই ভক্তি, উৎসব আর বাণিজ্যের এক অনন্য মেলবন্ধনে প্রাণচঞ্চল হয়ে উঠেছে মায়াপুর ইসকন চত্বর।