দুর্গাপুরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি তপ্ত
রবিবার সকালে দুর্গাপুর পশ্চিম বিধানসভায় বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল। ১৮ নম্বর ওয়ার্ডের নিশান হাট বস্তি এলাকায় প্রচারে বেরিয়ে লক্ষণ ঘরুই-এর নেতৃত্বে 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে। পাল্টা তৃণমূল কর্মী-সমর্থকরা 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা উস্কানিমূলক স্লোগান দেওয়ায় তারা পাল্টা স্লোগান দেয়। অন্যদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল মহিলাদের টাকা দিয়ে 'জয় বাংলা' স্লোগান দেওয়াচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকার তৃণমূল নেতা বাবুয়া ঠাকুর অভিযোগ করেন, "পাঁচ বছর দেখা যায়নি লক্ষণ ঘরুইকে, এখন ভোটের আগে নাটক করতে এসেছে। আমাদের কর্মীদের দেখে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে।" একইসঙ্গে ১৮ নম্বর ওয়ার্ড সভাপতি কাজল ব্যানার্জিও বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন।
এরই মধ্যে প্রচারের সময় এক ভিন্ন চিত্রও সামনে আসে। এলাকায় পানীয় জলের সমস্যার কথা জানতে পেরে এক বৃদ্ধার বাড়িতে নিজে দুই বালতি জল পৌঁছে দেন লক্ষণ ঘরুই। দীর্ঘদিন ধরে জল আনতে দূরে যেতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সব মিলিয়ে নির্বাচনের মুখে দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।