দীর্ঘ ৫ বছরের বঞ্চনার অবসান! নামখানায় ১০০ দিনের বদলে শুরু 'ভিবি জি রাম জি' প্রকল্পের ১২৫ দিনের কাজ

Jul 14, 2026 - 14:54
 6
দীর্ঘ ৫ বছরের বঞ্চনার অবসান! নামখানায় ১০০ দিনের বদলে শুরু 'ভিবি জি রাম জি' প্রকল্পের ১২৫ দিনের কাজ

অমিত মণ্ডল, নামখানা:

দুর্নীতির অভিযোগে ২০২১ সালের পর থেকে স্তব্ধ ছিল গ্রামীণ অর্থনীতির অন্যতম লাইফলাইন ১০০ দিনের কাজ। দীর্ঘ প্রতীক্ষা ও বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় সম্পূর্ণ নতুন রূপে এবং নতুন নিয়মে শুরু হলো গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। তবে এবার আর ১০০ দিন নয়, সম্পূর্ণ নতুন 'ভিবি জি রাম জি' প্রকল্পের মাধ্যমে এলাকার প্রান্তিক মানুষজন কাজ পাবেন পুরো ১২৫ দিন। সোমবার নামখানা ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। 

ফ্রেজারগঞ্জে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানার জয়েন্ট বিডিও , ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। 

পুরোনো সমস্ত দুর্নীতির অভিযোগ সরিয়ে রেখে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে এবং কড়া নজরদারির মাধ্যমে এই বর্ধিত কর্মদিবসের রূপরেখা তৈরি করা হয়েছে।

দীর্ঘদিন পর নিজের এলাকায় কাজ পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রান্তিক মানুষজন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম দিনের কাজেই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোদাল-ঝুড়ি হাতে অত্যন্ত নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে প্রথম দিনের কাজ শুরু করেছেন শ্রমিকরা। প্রশাসনের এই উদ্যোগে নামখানার গ্রামীণ অর্থনীতি ফের চাঙ্গা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।