দার্জিলিংয়ের শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই, বড়সড় সাফল্য পুলিশের
দার্জিলিং জেলার শিলিগুড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে।
ধৃতদের নাম মোহাম্মদ সাদ্দাম ও রাজা মাহাতো। জানা গিয়েছে, তারা শিলিগুড়ির ঝংকার মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি মালদা জেলার কালিয়াচক এলাকা থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে আসে। তারা দার্জিলিং মোড়ে বাস থেকে নেমে ওই মাদক শহরের এক মাদক কারবারীর হাতে তুলে দেওয়ার অপেক্ষায় ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ অভিযান চালিয়ে দার্জিলিং মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে।
ধৃত মোহাম্মদ সাদ্দাম ও রাজা মাহাতোকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। এই মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কাদের কাছে তা সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।