গোপীবল্লভপুরে অজিত মাহাতের ঝড়ো প্রচার, শীতলা মন্দিরে পুজো দিয়ে সূচনা
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে গতি বাড়াল তৃণমূল কংগ্রেস। সাঁকরাইল ব্লকের কুলটিকরি অঞ্চলের বালিগেড়িয়া শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অজিত মাহাত।
পুজোর পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েন তিনি। ইতিমধ্যেই প্রায় প্রতিটি অঞ্চলে অন্তত একবার করে জনসংযোগ সেরে ফেলেছেন বলে জানা গিয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিধানসভা চষে বেড়িয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তিনি।
প্রচারের ধরনেও নজর কেড়েছেন অজিত মাহাত-কখনও বাইকে, কখনও ট্র্যাক্টরে, আবার কখনও পায়ে হেঁটে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন। তাঁর এই অভিনব প্রচারে ভালো সাড়া মিলছে বলেই দাবি তৃণমূলের।
অন্যদিকে, বিজেপি প্রার্থী এখনও সব এলাকায় পৌঁছাতে পারেননি বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অনেক নেতা-কর্মী এখনও সক্রিয়ভাবে প্রচারে নামেননি বলেও অভিযোগ উঠছে।
সব মিলিয়ে গোপীবল্লভপুরে এই মুহূর্তে প্রচারের দৌড়ে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী অজিত মাহাত-এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা