*গুজব রুখে অনন্য নজির সাগরের পুলিশের; হ্যাম রেডিওর সৌজন্যে ১৫ বছর পর ঘর ফিরলেন সিঙ্গুরের ‘মা’*

Mar 10, 2026 - 14:49
 13
*গুজব রুখে অনন্য নজির সাগরের পুলিশের; হ্যাম রেডিওর সৌজন্যে ১৫ বছর পর ঘর ফিরলেন সিঙ্গুরের ‘মা’*

অমিত মণ্ডল, সাগর: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এক অনন্য মানবিক দৃশ্যের সাক্ষী থাকল সাগর দ্বীপ। ছেলেধরা সন্দেহে নিগৃহীত হওয়া এক ভবঘুরে মহিলাকে উদ্ধার করে দীর্ঘ ১৫ বছর পর তাঁর পরিবারের হাতে তুলে দিল সাগর থানার পুলিশ। প্রশাসনের তৎপরতা এবং হ্যাম রেডিওর সহযোগিতায় শেষ পর্যন্ত হুগলির সিঙ্গুরের বাসিন্দা ‘ছবি জ্যোতি’ ফিরে পেলেন তাঁর হারিয়ে যাওয়া ঘর।

গত কয়েকদিন ধরেই সাগর দ্বীপের বিভিন্ন এলাকায় এক অচেনা মহিলাকে ঘিরে ‘ছেলেধরা’ গুজব ছড়ায়। এমনকি বেশ কিছু জায়গায় ওই মহিলাকে নিগ্রহও করা হয়। খবর পাওয়া মাত্রই সাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ভবঘুরে মহিলাকে উদ্ধার করে। পুলিশ জানায়, মানসিকভাবে বিপর্যস্ত ওই মহিলা নিজের পরিচয় দিতে পারছিলেন না।

অচেনা মহিলার পরিচয় জানতে সাগর থানার পুলিশ হ্যাম রেডিওর সাহায্য নেয়। এরপরই জানা যায় চাঞ্চল্যকর তথ্য। মহিলার নাম ছবি জ্যোতি, স্বামী অশোক জ্যোতি। বাড়ি হুগলি জেলার সিঙ্গুর থানার দীঘলডাঙ্গা গ্রামে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, গত ১৫ বছর আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের লোকজন তাঁর আশা ছেড়েই দিয়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে সিঙ্গুরে ওই মহিলার পরিবারকে খবর দেওয়া হলে আজ তাঁর ছেলে ও আত্মীয়রা সাগর থানায় ছুটে আসেন। দীর্ঘ দেড় দশক পর মাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ছেলে। আন্তর্জাতিক নারী দিবসের আবহে এক নারীকে তাঁর ঠিকানায় পৌঁছে দিতে পেরে খুশি সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরাও। সাগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব মোকাবিলায় তারা যেমন কঠোর, তেমনই মানুষের সেবায় সর্বদা বদ্ধপরিকর।