ক্যাম্পে দেরি, ঘিরে বিক্ষোভ! ভাঙড়ে যুব সাথী শিবিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

Feb 21, 2026 - 08:55
 14
ক্যাম্পে দেরি, ঘিরে বিক্ষোভ! ভাঙড়ে যুব সাথী শিবিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

ভাঙড়ে যুব সাথী শিবির ঘিরে শুক্রবার সকালেই ছড়াল উত্তেজনা। ঘটনাটি ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটাপুকুর প্রাইমারি স্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুব সাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়ার জন্য নির্দিষ্ট দিনে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই বহু যুবক-যুবতী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কেউ ভোর থেকেই লাইনে এসে দাঁড়ান বলে অভিযোগ। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ক্যাম্পের কাজ শুরু হয়নি।

অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রায় সকাল ১১টা নাগাদ দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। স্থানীয়দের দাবি, প্রচণ্ড ভিড় এবং দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই অসুবিধার মুখে পড়েন। অফিসারদের দেরিতে পৌঁছনো ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, তাঁরা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দ্রুত কাজ শুরু করার দাবি তোলেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পোলেরহাট থানা-য়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। সূত্রের দাবি, দেরিতে পৌঁছনো নিয়ে পুলিশ আধিকারিকরাও সংশ্লিষ্ট কর্মীদের সতর্ক করেন এবং দ্রুত ফর্ম গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

পরে নিরাপত্তার মধ্যেই ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। তবে কেন নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু হয়নি, তা নিয়ে প্রশাসনিক স্তরে খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।