কাঁচরাপাড়ায় বিজেপির বাইক র্যালি ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কাঁচরাপাড়া:
বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র সমর্থনে নির্ধারিত বাইক র্যালি ঘিরে উত্তেজনা ছড়াল কাঁচরাপাড়ায়। শনিবার বিজেপি কর্মী-সমর্থকদের বাইক মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, এদিন কাঁচরাপাড়ার লক্ষ্মী সিনেমা মোড় থেকে বিজেপির নেতা-কর্মীরা বাইক মিছিল শুরু করেন। সেখান থেকে মেইন রোড ধরে মিছিলটি এগোতে থাকে। অভিযোগ, হালিশহরের কুমোরপাড়া এলাকায় পৌঁছতেই মিছিলের পথ আটকে দেয় পুলিশ।
এরপরই বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একসময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।