কলকাতায় 'শ্রী জগন্নাথ বিশ্বশান্তি মহাযজ্ঞ', আসছেন পুরীর জগন্নাথ পরিবারের প্রতিনিধিরা
ভোটের আবহের মধ্যেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল আধ্যাত্মিক অনুষ্ঠান-"শ্রী জগন্নাথ বিশ্বশান্তি মহাযজ্ঞ”। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল, ২০২৬ পর্যন্ত সল্টলেকের এফডি ব্লক ময়দানে এই তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পুরীর জগন্নাথ পরিবারের সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করছে শ্রী জগন্নাথ দর্শন চ্যারিটেবল ট্রাস্ট ও শ্রী রাজাধিরাজ জগন্নাথ চ্যারিটেবল ট্রাস্ট। আয়োজকদের দাবি, এই মহাযজ্ঞের মূল লক্ষ্য মানুষের মধ্যে শান্তি, ঐক্য ও ভক্তিভাবের প্রসার ঘটানো।
এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ভক্তরা ভগবান জগন্নাথের পবিত্র ৩২ বেশ দর্শনের সুযোগ পাবেন, যা অত্যন্ত বিরল বলে জানা গিয়েছে। পাশাপাশি বিশ্বশান্তি ও মানবকল্যাণের উদ্দেশ্যে ১৫১টি অগ্নিকুণ্ডে বৈদিক যজ্ঞ সম্পন্ন হবে।
অনুষ্ঠান চলাকালীন ভক্তরা বৈদিক আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন। ভগবান জগন্নাথের মহাপ্রসাদ প্রস্তুত করে উপস্থিত ভক্তদের মধ্যে বিতরণ করা হবে।
আয়োজকদের মতে, এই তিন দিনব্যাপী মহাযজ্ঞে প্রায় ৫ থেকে ১০ লক্ষ মানুষের সমাগম হতে পারে, যা পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ হিসেবে চিহ্নিত হতে চলেছে।