এক রাতের রহস্যময় রক্ষাকালী পুজোয় উৎসবের আবহ, বীরভূমের তাঁতিপাড়া গ্রামে ভক্তদের ঢল

Apr 13, 2026 - 11:25
 9
এক রাতের রহস্যময় রক্ষাকালী পুজোয় উৎসবের আবহ, বীরভূমের তাঁতিপাড়া গ্রামে ভক্তদের ঢল

বীরভূম: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এক অনন্য ব্যতিক্রম-এক রাতের রহস্যময় রক্ষাকালী পুজো। এই পুজোকে কেন্দ্র করেই প্রতি বছর চৈত্র মাসের শেষ সপ্তাহে উৎসবমুখর হয়ে ওঠে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা এলাকা।

প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রক্ষাকালী পুজোর বিশেষত্বই হল এর আয়োজন। সূর্যাস্তের পর তৈরি করা হয় মায়ের প্রতিমা, আর সারা রাত ধরে চলে পুজো-অর্চনা। ভোর হওয়ার আগেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাদ্যযন্ত্র ও আলোকসজ্জায় সজ্জিত শোভাযাত্রার মাধ্যমে মায়ের বিসর্জন দেওয়া হয়।

ভক্তদের বিশ্বাস, মা রক্ষাকালী সকলের মঙ্গল করেন, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন এবং সুস্থ রাখেন সকলকে। বিসর্জনের আগে সকলেই প্রার্থনা করেন - "মা, সবাইকে ভালো রেখো, আবার ফিরে এসো।"

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে তাঁতিপাড়া ও আশেপাশের এলাকায় এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল। সেই সময় এক অজ্ঞাতপরিচয় সন্ন্যাসী এই রক্ষাকালী পুজোর বিধান দেন। তাঁর কথামতো পুজো করার পর মহামারী থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করেন স্থানীয়রা। সেই থেকেই শুরু এই পুজো, যা আজও অটুট রয়েছে।

বীরভূমের অন্যতম বৃহৎ গ্রাম তাঁতিপাড়ায় প্রায় ১৫ হাজার মানুষের বাস। কিন্তু এই এক রাতের পুজোকে কেন্দ্র করে শুধু গ্রামবাসীই নয়, তাঁদের আত্মীয়-স্বজনও দূরদূরান্ত থেকে ছুটে আসেন। ভক্তি, শ্রদ্ধা আর আত্মীয়তার বন্ধনে মিলিত হয়ে ওঠে এক অনন্য সামাজিক উৎসব।