উত্তর ২৪ পরগনার বসিরহাটে তিন দিন ধরে বন্ধ মা ক্যান্টিন, ফিরে যাচ্ছেন অসহায় মানুষ
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরে তিন দিন ধরে বন্ধ রয়েছে মা ক্যান্টিন। ফলে প্রতিদিনের খাবারের আশায় আসা বহু দৃষ্টিহীন, অসহায় ও দুস্থ মানুষ খালি হাতেই ফিরে যাচ্ছেন। বাধ্য হয়ে অনেকেই মুড়ি বা অন্য সামান্য খাবার খেয়ে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন ক্যান্টিনের পরিচারিকারা।
বসিরহাট টাউন হাই স্কুলের পাশে বসিরহাট পৌরসভার উদ্যোগে চালু এই মা ক্যান্টিন বহু বছর ধরে শহরের অসহায় মানুষের ভরসা হয়ে উঠেছিল। এখানে প্রতিদিন প্রায় ৩০০ জনের জন্য রান্না করা হতো। মাত্র পাঁচ টাকায় ডিম, ভাত, ডাল ও সবজি দেওয়া হতো বলে জানিয়েছেন ক্যান্টিনের সুপারভাইজার সুনন্দা পূজারী।
তবে গত ১১ মার্চ থেকে ক্যান্টিনে রান্না বন্ধ রয়েছে। ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতির প্রভাবেও এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় রান্না করা সম্ভব হচ্ছে না। বিকল্পভাবে রান্না করারও কোনও ব্যবস্থা নেই বলেই জানানো হয়েছে।
ফলে প্রতিদিন যারা এখানে খাবারের জন্য আসতেন, তারা এসে ফিরে যাচ্ছেন। অনেকেই জানিয়েছেন, এই মা ক্যান্টিনই তাদের বেঁচে থাকার বড় ভরসা ছিল। এখন বাধ্য হয়ে মুড়ি বা অন্য সামান্য খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে।
ক্যান্টিনের কর্মীরাও এই পরিস্থিতিতে হতাশ। তাদের কথায়, এতদিন যাদের নিজের হাতে রান্না করে খাওয়াতেন, আজ তারা এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। কবে আবার গ্যাস পাওয়া যাবে এবং কবে আবার ক্যান্টিন চালু হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।