উত্তর ২৪ পরগনার বসিরহাটের লেবুখালীতে ব্রিগেড সভার জেরে বাস-নৌকার সঙ্কটে ভোগান্তি যাত্রীদের
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসের অভাব দেখা দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, ব্রিগেডের জনসভায় বিপুল সংখ্যক মোদি সমর্থক যাওয়ার কারণে একাধিক রুটের বাস তুলে নেওয়া হয়েছে, যার জেরে পরিবহণে বিপর্যয় তৈরি হয়েছে।
বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকে আসা মানুষজন লেবুখালী বাস স্ট্যান্ডে এসে বাসের দেখা না পেয়ে বেজায় সমস্যায় পড়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করেও বাস না পেয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
শুধু সড়কপথেই নয়, নৌপথেও একই চিত্র দেখা যাচ্ছে। বিপুল সংখ্যক সমর্থক নৌকায় করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেওয়ায় নৌকার সংখ্যাও কমে গিয়েছে। ফলে যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। যে ভাড়া আগে ছিল প্রায় ২০ টাকা, সেটিই এখন বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়।
স্থানীয়দের দাবি, বিভিন্ন রুট থেকে বড় বাস ও গাড়ি তুলে নেওয়ায় ছোট গাড়িগুলো সুযোগ নিয়ে লাগামহীন ভাড়া নিচ্ছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
এদিকে যাত্রীদের অভিযোগ, ব্রিগেডের জনসভায় যাওয়ার জন্য রুটের বাস সরিয়ে নেওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।