ইফতার মজলিস থেকে বিজেপিকে কড়া নিশানা বিধায়ক জয়দেব হালদারের, সম্প্রীতির বার্তা
সানওয়ার হোসেন, কুলপি : দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য দাওয়াত-এ-ইফতার মজলিস। প্রতি বছরের মতো এ বছরও মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মজলিসে কয়েকশ তৃণমূল কর্মী-সমর্থক ও এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রইচ উদ্দিন মোল্লা, ব্লক যুব সভাপতি রিংকু ঘোষ এবং জেলা পরিষদ সদস্য রেখা গাজী সহ দলের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। সম্প্রীতির এই আবহে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্ট নাগরিকও উপস্থিত ছিলেন।এদিনের ইফতার মজলিস থেকে রাজনৈতিক বার্তাও দেন বিধায়ক জয়দেব হালদার। তিনি কেন্দ্রের শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বিভাজনের রাজনীতির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি এসআইআর ইস্যু নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, রাজ্যের উন্নয়ন ব্যাহত করতে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে চক্রান্ত করছে, তবে তৃণমূল কংগ্রেস সেই চক্রান্ত সফল হতে দেবে না। বিধায়ক আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছে এবং রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করার যে কোনও চেষ্টাই ব্যর্থ হবে।
অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী রইচ উদ্দিন মোল্লা বলেন, এই ইফতার মজলিস শুধুমাত্র খাবারের আয়োজন নয়, বরং একে অপরের প্রতি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মন্দিরবাজার সম্প্রীতির মাটি, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সব উৎসব পালন করেন।পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষে দোয়ার মাধ্যমে দেশ ও সমাজের মঙ্গল কামনা করা হয়। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মন্দিরবাজারে এই সামাজিক ও রাজনৈতিক মেলবন্ধন ছিল বিশেষভাবে নজরকাড়া।