আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, অবহেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য

Mar 21, 2026 - 10:09
 12
আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, অবহেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য

আরজি কর হাসপাতালে লিফটে আটকে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ ব্যানার্জি (৪০), নাগেরবাজারের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তাঁর চার বছরের পুত্র। ঘটনাকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ৮টা নাগাদ পা ভেঙে যাওয়ার কারণে চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে আসেন অরূপ ব্যানার্জি। তাঁকে ট্রমা অপারেশন বিল্ডিং-এ স্থানান্তর করা হয় অস্ত্রোপচারের প্রস্তুতির জন্য। প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সঙ্গে নিচে নামেন তিনি।

আজ ভোর প্রায় ৪টা ৫ মিনিট নাগাদ পুনরায় অস্ত্রোপচারের জন্য স্ত্রী ও চার বছরের সন্তানকে সঙ্গে নিয়ে লিফটে করে উপরে ওঠার সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অভিযোগ, পাঁচ তলায় যাওয়ার পথে আচমকাই লিফটটি বিকল হয়ে যায় এবং ভিতরে আটকে পড়েন অরূপ ব্যানার্জি ও তাঁর শিশু পুত্র।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে কোনওরকমে শিশুটিকে উদ্ধার করা হলেও অরূপ ব্যানার্জি লিফটের মধ্যেই আটকে পড়ে যান। যান্ত্রিক ত্রুটির জেরে লিফটটি নিয়ন্ত্রণ হারিয়ে টানতে টানতে নিচের দিকে নেমে আসে। পরে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই ঘটনায় হাসপাতালের লিফটের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই লিফটের অব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাব ছিল, তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং এর পেছনে কোনও গাফিলতি বা অন্য কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর ফের একবার হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে প্রশ্নের মুখে আরজি কর। সাধারণ মানুষের অভিযোগ, চিকিৎসার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও চরম গাফিলতির পরিচয় মিলছে, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ রোগী ও তাঁদের পরিবারকে।