অস্ত্রসহ দাগী দুষ্কৃতী গ্রেফতার বারুইপুরে, উদ্ধার ওয়ান শাটার বন্দুক
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্রসহ এক দাগী দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ভারতীয়া কুড়ি নম্বর গেট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ওই এলাকায় একটি পোড়ো বাড়ির কাছে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানানো হয় বারুইপুর থানায়। এরপর এসআই অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে দেখতে পেয়ে ওই যুবক পালিয়ে একটি পোড়ো বাড়ির ভিতরে ঢুকে পড়ে। পুলিশ ধাওয়া করে তাকে পাকড়াও করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতের নাম আতর আলী মোল্লা (৪০)। তার বাড়ি কলকাতার কেএলসি থানার অন্তর্গত উসপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃতকে আটক করে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে অস্ত্রটি এসেছে এবং কী উদ্দেশ্যে সে ওই এলাকায় ঘোরাফেরা করছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।