অল্পের জন্য রক্ষা অধীর চৌধুরীর, প্রচার শেষে ফেরার পথে কনভয়ে দুর্ঘটনা
মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী-র কনভয়।
অল্পের জন্য বড় বিপদ এড়ালেন তিনি।
বুধবার বিকেলে কান্দি শহর জুড়ে প্রচার সেরে বহরমপুরে ফিরছিলেন অধীর চৌধুরী। সেই সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর স্কর্টে থাকা তাঁর কনভয় কান্দি-বহরমপুর রাজ্য সড়কের জীবন্তি এলাকায় পৌঁছলে একটি ট্র্যাক্টর স্কর্ট গাড়িকে ধাক্কা মারে। এতে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরই বিষয়টি পুলিশ ও নির্বাচন কমিশনকে জানানো হয়। যদিও এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে তাঁকে 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হয়। তার মধ্যেই এবার কনভয়ের এই দুর্ঘটনা নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।
সব মিলিয়ে, ভোটের মুখে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।