হুমায়ুন-কাণ্ডে ভিডিও ঘিরে বিতর্ক, 'বিশ্বাসযোগ্য নয়'-তদন্তের দাবি সুকান্ত মজুমদারের

Apr 10, 2026 - 08:58
 7
হুমায়ুন-কাণ্ডে ভিডিও ঘিরে বিতর্ক, 'বিশ্বাসযোগ্য নয়'-তদন্তের দাবি সুকান্ত মজুমদারের

বালুরঘাট: হুমায়ুন কবিরকে ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে যখন জোর চর্চা, তখনই পাল্টা আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওই ভিডিও সহজে বিশ্বাস করার মতো নয় এবং এর

সত্যতা খতিয়ে দেখা প্রয়োজন।

সুকান্ত মজুমদারের বক্তব্য, “এই ভিডিও আদৌ আসল কি না, তা তদন্ত করে দেখা হোক। এখন প্রযুক্তির যুগ, কীভাবে ভিডিও তৈরি হয়েছে তা স্পষ্ট হওয়া দরকার।” তিনি আরও দাবি করেন, হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির কোনও রকম লেনদেন বা সমঝোতার প্রশ্নই ওঠে না। কটাক্ষের সুরে তিনি বলেন, "তৃণমূলের কাছেই বেশি টাকা রয়েছে, সেখানে ছেড়ে আমাদের কাছে আসবে কেন?"

ভিডিওতে ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ চাওয়ার প্রসঙ্গ উঠতেই তিনি জানান, এ ধরনের কোনও আলোচনা বিজেপির সঙ্গে হয়নি। ভবিষ্যতে এমন কোনও পদ তৈরি হলেও সেখানে বিজেপির বিধায়কই বসবেন বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

তৃণমূলের অভিযোগ, মুসলিম ভোেট কাটতেই হুমায়ুন কবিরকে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে সুকান্তর দাবি, বিজেপি এ ধরনের রাজনীতি করে না, বরং তৃণমূলই এই কৌশল নেয়। পাশাপাশি বামফ্রন্ট ও কংগ্রেসকেও তৃণমূলের 'এজেন্ট' বলে কটাক্ষ করেন তিনি।

এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ-এর 'সমঝোতা' মন্তব্য প্রসঙ্গে পাল্টা প্রশ্ন তুলে সুকান্ত বলেন, "কুণাল ঘোষের কার সঙ্গে সমঝোতা রয়েছে, সেটাই আগে খুঁজে দেখা উচিত।" এমনকি কটাক্ষ করে তিনি বলেন, ভোটের পর কুণাল ঘোষ তৃণমূলেই থাকবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

সব মিলিয়ে, হুমায়ুন কবিরকে ঘিরে এই রাজনৈতিক চাপানউতোরে রাজ্যের ভোটের আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।