হিঙ্গলগঞ্জ প্রার্থী নিয়ে ক্ষোভ, সল্টলেক বিজেপি দফতরে কর্মী-সমর্থকদের বিক্ষোভ
কলকাতা:
বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন ঘিরে বিজেপির অন্দরে ক্ষোভ ক্রমশ প্রকাশ্যে আসছে। এবার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে অসন্তোষে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন দলের কর্মী-সমর্থকেরা।
জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ কেন্দ্রের প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। কিন্তু প্রার্থী হিসেবে তাঁকে মেনে নিতে নারাজ একাংশের কর্মী-সমর্থক। সেই ক্ষোভ থেকেই এদিন তারা সল্টলেকের দলীয় দফতরে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় সংগঠনের সঙ্গে যুক্ত ও জনসংযোগ রয়েছে এমন কাউকেই প্রার্থী করা উচিত ছিল। বহিরাগত বা অজনপ্রিয় প্রার্থী দিলে নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
প্রার্থী বদলের দাবিতে স্লোগান তোলার পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।